ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী: প্রতিমন্ত্রী নুর
প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী।
তিনি দাবি করেন, দলটি ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর ঢাকা কলেজের শহীদ এ এন এম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। বর্তমানে বিভিন্নভাবে ভিডিও ও ফটোকার্ড তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সরকারি দল ও জোটের নেতাদের নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে।
সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সময়ে জনগণ আন্দোলন-সংগ্রামের রাজনীতি দেখতে চায় না। দীর্ঘ ১৭ বছরের শাসনের পর জনগণ পরিবর্তন এনেছে। এমন পরিস্থিতিতে একটি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই আন্দোলনের ডাক দেওয়াকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার যদি দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে দেশ পরিচালনা করবে কে? বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি নেতৃত্বাধীন সরকার ছাড়া অন্য কোনো কার্যকর বিকল্প নেই।
এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমালোচনা করে নুরুল হক নুর বলেন, দলটি বর্তমানে রাজনীতিতে বিষফোঁড়ায় পরিণত হয়েছে।
আরও পড়ুন: তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন নৌ কমান্ডার
তার অভিযোগ, এনসিপি নিজস্ব রাজনৈতিক শক্তির ওপর নয়, বাইরের প্রভাবের ওপর নির্ভর করে রাজনীতি করছে। এর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল না হয়ে ওঠে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








