স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ৪ আগস্ট ২০২৬

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন নৌ কমান্ডার

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন নৌ কমান্ডার

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট (প্রশান্ত মহাসাগরীয় নৌবহর)-এর কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। ২২ সদস্যের একটি নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি ঢাকা সফর করবেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরের কয়েক দিনের মধ্যেই অ্যাডমিরাল কোহলারের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এটি ঢাকা-ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের ইঙ্গিত বহন করে।

সফরকালে অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার, সামুদ্রিক সীমানা সুরক্ষা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে দীর্ঘ কর্মজীবনে ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার, ফাইটার স্কোয়াড্রন-১৪৩-এর কমান্ডার এবং ইউএসএস বাতান ও ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ারের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভসহ একাধিক সামরিক অভিযানে অংশ নিয়েছেন। এছাড়া হাইতির ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা কার্যক্রম এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক নৌ অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন:  মন্ত্রিসভায় অনুমোদন পেল গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

মার্কিন থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়