৫ আগস্ট নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সে ধরনের সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। তারা কার্যক্রম নিষিদ্ধ একটি দল। মাঝেমধ্যে বিদেশ থেকে কিছু বক্তব্য দেওয়া ছাড়া তাদের উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন কোনো নির্দেশনা নয়; বরং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থারই অংশ।
তিনি জানান, পরিত্যক্ত যানবাহনের বিষয়ে সতর্ক থাকা, দায়িত্ব পালনরত সদস্যদের একসঙ্গে অবস্থান না করা এবং সব সময় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা নিয়মিতভাবেই অনুসরণ করা হয়।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় তথ্য দিতে পারবে।
আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, মঙ্গলবার দলের উদ্যোগে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: পরিচ্ছন্ন দেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত হবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








