৫ আগস্ট সরকারি ছুটি, যারা পাবেন না
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এ বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে।
তবে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ ও উদ্ধার, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, সমুদ্রবন্দর, বিমানবন্দর, রেলপথ, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বসূচি অনুযায়ী তারা কর্মস্থলে উপস্থিত থাকবেন।
অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
গত বছর সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক কারখানাতেও ছুটি ঘোষণা করেছিল। সংগঠনটি জানিয়েছিল, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৫ টাকা কেজি দরে চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী
তবে চলতি বছর এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে তৈরি পোশাক শিল্পে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








