স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ৩ আগস্ট ২০২৬

১৫ টাকা কেজি দরে চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

১৫ টাকা কেজি দরে চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

ফাইল ছবি

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ১ আগস্ট থেকে চাল বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী ছয় মাস- আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন।

সোমবার (০৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কাজের অভাবের মৌসুমে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এতে আরও বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির উন্নয়নের লক্ষ্যে বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টি চাল এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে খোলাবাজারে খাদ্য বিক্রয় কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে দেশে অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ খাদ্যশস্যের মজুত রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান আছে। গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্য মজুতের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।

আরও পড়ুন: নিজ এলাকাতেই করা যাবে এনআইডি সংশোধন

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি কমানো এবং জনকল্যাণমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও সম্প্রসারিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়