স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৩, ৩ আগস্ট ২০২৬

নিজ এলাকাতেই করা যাবে এনআইডি সংশোধন

নিজ এলাকাতেই করা যাবে এনআইডি সংশোধন

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা যাবে।

গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের দ্বাদশ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনআইডি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে কমিশন একাধিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) সেবা পুরোপুরি অনলাইনে চালুর প্রস্তাব রয়েছে। এ সেবা গ্রহণে নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

জ্যেষ্ঠ সচিব আরও জানান, আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিধান রয়েছে। নবায়নের জন্য নির্ধারিত ফরমে আবেদনকারীর পারিবারিক তথ্য জমা দিতে হবে, যাতে তথ্য যাচাই সহজ হয়। এ ক্ষেত্রেও নির্ধারিত ফি রাখা হবে।

বর্তমানে এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতে মাঠপর্যায়ের কর্মকর্তারাই আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

আরও পড়ুন: নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি অনলাইনে আপলোড করা হবে। তদন্তে তথ্য সঠিক পাওয়া গেলে কেন্দ্র থেকেই অনুমোদন দেওয়া হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে এবং সেবা আরও দ্রুত পাওয়া যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়