News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০০, ১৩ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় ৬ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

জ্বালানি সংকট মোকাবিলায় ৬ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ফাইল ছবি

বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এই পরিস্থিতি সামাল দিতে অর্থমন্ত্রীকে প্রধান করে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। 

গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও সোমবার (১৩ এপ্রিল) তা বিভাগের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নবগঠিত এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রশাসনিক পর্যায় থেকে কমিটিতে সদস্য হিসেবে থাকছেন অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবে।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমানোর নির্দেশ

মূলত চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের প্রস্তাব তৈরির লক্ষ্যেই এই কমিটি কাজ করবে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপট বিস্তারিত পর্যালোচনা করে তারা মন্ত্রিসভার বৈঠকের জন্য সুনির্দিষ্ট ও কার্যকর প্রস্তাব প্রণয়ন করবে।

বিদ্যুৎ বিভাগ এই উচ্চপর্যায়ের কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটির বৈঠক প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব থেকে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতকে সুরক্ষা দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হলো।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়