১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, নির্বাচিত সরকার যে খাল পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে তা আগামী ১৬ মার্চ সারা দেশে একযোগে উদ্বোধন করা হবে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের সাহাপাড়া খাল পুনঃখননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
রবিবার (৮ মার্চ) দুপুরে কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (আজাদ), দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মূসাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জনদাবি পূরণ হবে। বর্তমানে এ এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। খালটি পুনঃখনন করা হলে জলাবদ্ধতা দূর হবে এবং সেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে। প্রায় সোয়া ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি পানিসম্পদ মন্ত্রণালয়র উদ্যোগে পুনঃখনন করা হচ্ছে।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি ছিল তার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য ছিল দেশকে স্বনির্ভর করা। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার আবারও এই কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি আরও বলেন, দেশের অনেক খাল ও নদীতে দীর্ঘদিন ধরে পলি জমে আছে এবং কোথাও কোথাও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব বাধা দূর করে খাল পুনঃখননের কাজ এগিয়ে নেওয়া হবে।
খননকাজে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না বলেও জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, অতীতে যে ধরনের বড় দুর্নীতির অভিযোগ উঠেছিল তা বিবেচনায় রেখে এ কর্মসূচি নিবিড়ভাবে তদারকি করা হবে, যাতে কোনোভাবেই দুর্নীতির সুযোগ না থাকে।
আরও পড়ুন: হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল-আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
মন্ত্রী বলেন, খাল পুনঃখনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মানুষ এর সুফল ভোগ করবে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের পথও সুগম হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








