‘গুম করেও অনুশোচনা নেই, ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা’
ছবি: সংগৃহীত
ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমান পরিস্থিতিতে এই তৎপরতাকে 'ফৌজদারি অপরাধ' হিসেবে গণ্য করেন।
রবিবার (০৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সময়ে শত শত মানুষকে গুম ও নিখোঁজ করার মতো নৃশংস ঘটনা ঘটলেও শেখ হাসিনার মধ্যে কোনো প্রকার অনুশোচনা কাজ করছে না। উল্টো বিদেশে অবস্থান করে তিনি দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
তিনি স্পষ্ট করে বলেন, গুমের মতো জঘন্য অপরাধ করার পরও তিনি (শেখ হাসিনা) এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও দণ্ডণীয় অপরাধ।
আরও পড়ুন: “চলেন, যুদ্ধে যাই”, দিনের শুরুতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী মন্তব্য
বাংলাদেশে ভবিষ্যতে যেন আর কোনো মানুষ গুমের শিকার না হয় এবং কোনো পরিবারকে যেন স্বজন হারানোর নিঃস্ব অবস্থায় দিন কাটাতে না হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে তিনি একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা দিতে সরকারি ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। এই লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শীঘ্রই আনুষ্ঠানিক আবেদন জানানো হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশবাসী এখন কেবল গুমের বিচার চায় না, বরং নিখোঁজ ব্যক্তিদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত চায়। বাংলাদেশে আর কোনো গুম, হত্যা বা রক্তের রাজনীতি ঠাঁই পাবে না উল্লেখ করে তিনি একটি স্বচ্ছ ও মানবিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন।
‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের দীর্ঘদিনের আর্তনাদ ও বঞ্চনার কথা তুলে ধরে বক্তব্য দেন। সভায় উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গুমের রাজনীতির চিরস্থায়ী অবসান দাবি করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








