“চলেন, যুদ্ধে যাই”, দিনের শুরুতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী মন্তব্য
ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক মন্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (০৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেন, চলেন, যুদ্ধে যাই।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই তখন ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রস্তুত ছিলেন। বাসভবনের দরজা খুলে বাইরে বের হওয়ার সময় উপস্থিত সবার দিকে তাকিয়ে হাসিমুখে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী
হঠাৎ এমন মন্তব্যে প্রথমদিকে উপস্থিতরা কিছুটা বিস্মিত হলেও পরে তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকে রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে তুলনা করেই প্রধানমন্ত্রী কথাটি বলেছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনব্যাপী তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে শিক্ষা খাত সংক্রান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও একটি বৈঠক নির্ধারিত আছে। বিনিয়োগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ রাষ্ট্রের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে দিনভর ব্যস্ত সময় কাটানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নিউজবাংলাদেশ.কম/পলি








