আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৪৮, ৮ আগস্ট ২০২৬

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউজে ৪০ কোটি ডলার ব্যয়ে বলরুম নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আপিল আদালত।

হোয়াইট হাউজের ইস্ট উইং ভেঙে সেখানে নতুন বলরুম নির্মাণের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালতের এ নির্দেশের ফলে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা নিয়ে চলমান আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন।

শুক্রবার (৭ আগস্ট) ওয়াশিংটনভিত্তিক ডিসট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের আপিল আদালত ২-১ সংখ্যাগরিষ্ঠ মতামতে প্রকল্পটির কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আদালত বলেন, প্রেসিডেন্টরা হোয়াইট হাউজের সাময়িক বাসিন্দা; তারা এর স্থায়ী মালিক নন। তাই কংগ্রেসের অনুমোদন ছাড়া ঐতিহাসিক এ স্থাপনার কাঠামোগত পরিবর্তন বা পুনর্গঠন করা যায় না।

গত বছর ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউজের ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বড় বলরুম নির্মাণের কাজ শুরু করে। তবে এ প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি।

বড় ধরনের অনুষ্ঠান আয়োজন এবং নিরাপত্তার স্বার্থে বলরুমটি প্রয়োজন বলে দাবি করে আসছিল ট্রাম্প প্রশাসন। তবে প্রকল্পটির বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণবিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন আদালতে মামলা করে।

মামলায় অভিযোগ করা হয়, হোয়াইট হাউজের ঐতিহ্যবাহী ইস্ট উইং ধ্বংস করে সেখানে নতুন কাঠামো নির্মাণের মাধ্যমে ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এর আগে গত এপ্রিল মাসে ইউএস ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন প্রকল্পটির কাজ বন্ধের নির্দেশ দেন। শুক্রবার ফেডারেল আপিল আদালতের আদেশের মাধ্যমে ওই নিষেধাজ্ঞাই বহাল রাখা হলো।

আরও পড়ুন: ইরানের রেজিম চেঞ্জ ব্যর্থ, মোসাদের ২ কর্মকর্তা অপসারণ

তবে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ দিতে আপিল আদালত তাদের আদেশ ১৪ দিনের জন্য স্থগিত রেখেছেন। এ বিষয়ে হোয়াইট হাউজ কিংবা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়