ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর আদলে নতুন একটি আঞ্চলিক সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এ লক্ষ্যে শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের উপকূলীয় বন্দরনগরী জেদ্দায় তিন দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত নথি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। চুক্তিতে সৌদি আরবের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের পক্ষে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের পক্ষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্বাক্ষর করবেন।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ও প্রতিরক্ষাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছেছেন। তারা শনিবার পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শুক্রবার জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।
চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এই উদ্যোগকে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নিয়েছে।
আরেক কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রস্তাবিত জোটে সৌদি আরব অর্থনৈতিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব, তুরস্ক উন্নত সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা এবং পাকিস্তান দক্ষ সামরিক বাহিনী ও পারমাণবিক সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
তবে প্রস্তাবিত জোটের কাঠামো, পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি এবং এর কার্যক্রম ন্যাটোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








