আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৯, ৭ আগস্ট ২০২৬

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) সীমিত করার লক্ষ্যে দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন। যদিও সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল রাখে।

নতুন আদেশগুলোর একটিতে জন্মসূত্রে নাগরিকত্বের বিদ্যমান কিছু ব্যতিক্রম আরও বিস্তৃত করার প্রস্তাব করা হয়েছে। এতে বিদেশি কূটনীতিকদের সন্তানের পাশাপাশি কথিত সন্ত্রাসী, নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিদের সন্তান এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে জন্ম নেওয়া কিছু শিশুকে এই সুবিধার বাইরে রাখার কথা বলা হয়েছে।

অন্য আদেশে পররাষ্ট্রমন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে তথাকথিত বার্থ ট্যুরিজম বা সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দিতে গর্ভবতী নারীদের দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের আগের আদেশগুলোর মতো নতুন উদ্যোগও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সুপ্রিম কোর্টের আগের রায়ের সমালোচনা করে বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে আদালতের সিদ্ধান্ত ছিল “খুবই দুর্ভাগ্যজনক” এবং তার প্রশাসন এ বিষয়ে নতুন কৌশলে এগোচ্ছে।

এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে অস্থায়ী ভিসাধারী ও অবৈধ অভিবাসীদের সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নেন। তবে চলতি বছরের জুনে সুপ্রিম কোর্ট সেই আদেশকে সংবিধানবিরোধী ঘোষণা করে।

আদালত রায়ে উল্লেখ করে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্যক্তিদের নাগরিকত্ব সীমিত করতে চাইলে তা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হতো।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার জবাবে চীনের পাল্টাঘাত

সাংবিধানিক আইন বিশেষজ্ঞ কিম্বারলি ওয়েহলে মনে করেন, ট্রাম্পের নতুন নির্বাহী আদেশগুলোরও আদালতে টিকে থাকার সম্ভাবনা খুব কম। তার মতে, এটি মূলত রাজনৈতিক সমর্থকদের আকৃষ্ট করার একটি প্রচেষ্টা। সূত্র: আল-জাজিরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়