প্রতিটি বিআরটিসি বাস থেকে কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চ্যালেঞ্জ করেছেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের জন্য দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।
সৈয়দা রিজওয়ানা বলেন, বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়। মেইন্টেন্যান্স ও স্ক্র্যাপ পলিসি কার্যকর না হলে দূষণ নিয়ন্ত্রণ করা যাবে না। পুরোনো বাস পরিবর্তনে সময় লাগবে, তবে মেইন্টেন্যান্স করা অবশ্যই জরুরি।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চালকদের দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর গুরুত্ব বোঝানো হবে। হর্ন কম ব্যবহার ও গাড়ির গতি নিয়ন্ত্রণ করলে দুর্ঘটনা কমবে এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে।
আরও পড়ুন: দেশে ৭০ সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে শীত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মকর্তাগণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








