News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

অনুমতিহীন পেশায় শিক্ষকদের বিরুদ্ধে কঠোর শিক্ষামন্ত্রী

অনুমতিহীন পেশায় শিক্ষকদের বিরুদ্ধে কঠোর শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষকতাকে একটি পূর্ণকালীন ও দায়িত্বশীল পেশা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় যুক্ত না হতে শিক্ষকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম লঙ্ঘন করে কেউ অন্য পেশায় যুক্ত থাকলে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষকতা একটি দায়িত্বশীল এবং পূর্ণ‑কালীন পেশা, যার জন্য শ্রেণিকক্ষে শিক্ষককে পূর্ণ মনোযোগ দিতে হবে। শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত থাকতে চাইলে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এ সময় মন্ত্রী গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি তার সরকার গণমাধ্যমের সচেতন ও নিষ্ঠাভরে প্রকাশিত প্রতিবেদনগুলোকে গুরুত্বসহকারে বিবেচনা করবে বলেন এবং সংবাদকর্মীদের কাজ আরও ত্বরান্বিত করার আহ্বান জানান। 

তিনি বলেন, কারো দায়িত্বে অবহেলা জনসম্মুখে এলে তা আমাদের নজরে আসবে এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দাবি করেন, পূর্বের সরকার দীর্ঘদিন পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না দেয়ায় শিক্ষা ব্যবস্থায় তার প্রভাব রয়ে গেছে। তবে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপের মাধ্যমে দুই থেকে চার মাসের মধ্যে পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভবন নির্মাণই সবকিছু নয়, বরং শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, শূন্যপদ পূরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করাকেই তার দৃষ্টির কেন্দ্রে রাখবেন বলেও মন্ত্রী বলেন।

সভায় উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়