News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের প্রাক্কালে ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা

নির্বাচনের প্রাক্কালে ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

গণমাধ্যমে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনটিকে ‘বিশেষ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হোক এমনটি তিনি চান না। সে কারণে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রেখে কিছুদিন দায়িত্ব পালন করবেন বলেও জানান। 

তিনি আরও স্পষ্ট করেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনও জমা দেননি; নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন।

ড. নিয়াজ আহমদ খান বলেন, আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে। 

রাজনৈতিক শিষ্টাচার, প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এবং প্রশাসনিক গতিশীলতার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি জানান, যে সরকারই নির্বাচিত হয়ে আসুক, তাদের নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া একটি জাতীয় প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ঢাবিতে জালটাবের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

পদত্যাগের সিদ্ধান্ত কোনো রাজনৈতিক চাপের ফল নয় উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ স্বেচ্ছায় এবং প্রাতিষ্ঠানিক স্বার্থ বিবেচনায় তিনি এই ঘোষণা দিয়েছেন। নির্বাচন-পরবর্তী সময়ে হঠাৎ পদত্যাগ করলে ভুল বার্তা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাই আগেই নিজের অবস্থান স্পষ্ট করছেন, যাতে নতুন সরকারের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়।

উপাচার্য জানান, একটি আপদকালীন বা সংকটকালীন পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে। 

তার ভাষায়, সেই আপদকালীন সময় এখন আর নেই। দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ডেপুটেশনের এই ভূমিকা শেষ করে তিনি আবার শিক্ষকতায় ফিরে যেতে আগ্রহী।

দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এটি তার কাছে নিয়মিত কোনো চাকরি ছিল না; শিক্ষার্থীদের ভালোবাসা থেকেই তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। 
পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, দায়িত্ব ছেড়ে দিলেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজনে সহযোগিতামূলক ভূমিকা রাখতে প্রস্তুত থাকবেন।

ড. নিয়াজ আহমদ খান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়; এটি একটি জাতীয় প্রতিষ্ঠান, যেখানে ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পালন করে যাবেন এবং পরবর্তী প্রশাসনের কাছে দায়িত্ব হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়