News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৮, ১৩ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে টানা পাঁচ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড়ে টানা পাঁচ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ছবি: সংগৃহীত

দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে এখনও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা পুরোপুরি কমেনি। সকালের সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি আজ দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮–১০ কিলোমিটার।

টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এর আগে সোমবার (১২ জানুয়ারি) ৮.৪ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭.৩ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮.৩ ডিগ্রি এবং শুক্রবার (৯ জানুয়ারি) ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বৃষ্টির মতো কুয়াশার কারণে তাপমাত্রা ক্রমেই কমছে এবং শীতের তীব্রতা বেড়ে গেছে। সকালে জেলার বিভিন্ন এলাকায় মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে দিনের বেলায় সূর্যের আলো থাকলেও তেমন উত্তাপ নেই।

কনকনে শীতের কারণে সকাল ও সন্ধ্যায় মোড়ে ও চায়ের দোকানের পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন শীতার্ত মানুষ। হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন: ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে প্রাণ গেলো ট্রাক্টরের ধাক্কায়

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “কয়েক দিন ধরেই তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে। আগামী কয়েক দিন শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়