স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ৫ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৫৩, ৫ আগস্ট ২০২৬

৫ আগস্ট ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে কিছু সড়ক

৫ আগস্ট ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, বন্ধ থাকবে কিছু সড়ক

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট উপলক্ষে এসব এলাকায় ব্যাপক জনসমাগম হবে। ফলে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে হেয়ার রোড বা মিন্টো রোড ব্যবহার করতে হবে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবনের দিক থেকে আসা যানবাহনকে কাকরাইল হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া সায়েন্সল্যাব এলাকা থেকে শাহবাগগামী যানবাহনকে নিউমার্কেট, আজিমপুর, চাঁনখারপুল, বকশীবাজার অথবা কাটাবন, হাতিরপুল ও নীলক্ষেত-পলাশী হয়ে বিকল্প পথে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরেবাংলা নগর এলাকায় চলাচলের জন্যও পৃথক বিকল্প রুট নির্ধারণ করেছে ডিএমপি। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

রাজধানীবাসীর ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে ডিএমপির নির্দেশিত বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়