গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও টহলও বাড়ানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) গোপালগঞ্জের পুলিশ সুপার জানান, বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: প্রিপেইড মিটার বাতিল ও লোডশেডিং বন্ধের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি জেলার নিরাপত্তা দায়িত্বে থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








