জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ৪ আগস্ট ২০২৬

ক্ষত দেখিয়ে ফার্মেসিতে চিকিৎসা নিল বিরল কালোমুখ হনুমান

ক্ষত দেখিয়ে ফার্মেসিতে চিকিৎসা নিল বিরল কালোমুখ হনুমান

ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে কাঁধে আঘাত নিয়ে একটি ফার্মেসিতে গিয়ে চিকিৎসা নিয়েছে বিরল প্রজাতির একটি কালোমুখ হনুমান।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ত্রিমোহিনী মোড় এলাকার আলফা মেডিক্যাল স্টোরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হনুমানটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খাদ্যের সন্ধানে বের হওয়া হনুমানটি কাঁধে আঘাত নিয়ে ত্রিমোহিনী মোড় এলাকায় এসে একটি দোকানে আশ্রয় নেয়। স্থানীয়রা খাবার দিলেও শুরুতে কিছু খাচ্ছিল না।

পরে সাংবাদিক এম এ রহমান তাকে একটি রুটি দিলে হনুমানটি তার কাঁধে উঠে নিজের আহত স্থানের দিকে ইশারা করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে তিনি হনুমানটিকে পাশের আলফা মেডিক্যাল স্টোরে নিয়ে যান।

ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ এনে হনুমানটির কাঁধের ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর কিছুটা স্বাভাবিক হলে হনুমানটি সেখান থেকে চলে যায়।

সাংবাদিক এম এ রহমান বলেন, আমি তাকে রুটি দিয়ে বলি, খাও, তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এরপর সে আমার কাঁধে উঠে নিজের ক্ষতস্থান দেখাতে থাকে। পরে ওষুধ কিনে ক্ষতস্থানে লাগিয়ে দিই।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ

তিনি আরও বলেন, কেশবপুরের কালোমুখ হনুমান সংরক্ষণের জন্য সরকারিভাবে যে খাদ্য বরাদ্দ দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। ফলে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসে অনেক সময় তারা আহত হয়। খাদ্য বরাদ্দ বৃদ্ধি করা হলে এ বিরল প্রজাতির হনুমান সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়