রাজধানীতে স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত
ছবি: সংগৃহীত
টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আরও পড়ুন: বরিশালে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ, দগ্ধ ৩
এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








