জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৩ আগস্ট ২০২৬

বরিশালে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ, দগ্ধ ৩

বরিশালে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ, দগ্ধ ৩

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিস্ফোরকসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের স্বজন জামাল হাওলাদার দাবি করেন, বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে থাকা বিস্ফোরকসদৃশ বস্তু থেকে বিস্ফোরণ ঘটে। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। আগুন নেভাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, ওই বিস্ফোরকসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের কারণ এবং ব্যবহৃত বিস্ফোরকসদৃশ বস্তুটির ধরন নির্ধারণে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

আরও পড়ুন: সাবেক সাংস্কৃতিক মন্ত্রীর পিএস তরিকুল ইসলাম গ্রেফতার

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের উৎস, ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়