News Bangladesh

বাগেরহাট সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৩, ১২ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪২, ১২ মার্চ ২০২৬

বাগেরহাটে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের প্রাণহানি

বাগেরহাটে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালেবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুতগতিতে চলাচলের সময় নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের বেশ কয়েকজন যাত্রী নিহত হন। এসময় আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত নারী-শিশুসহ আট জনের লাশ আমাদের হাসপাতালে এসেছে। মৃত অবস্থায় তাদের আনা হয়। এর মধ্যে তিন জন শিশু, তিন জন নারী আর দুজন পুরুষ। আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তিনিও মারা গেছেন। সবমিলিয়ে আমাদের হাসপাতালে নয় জনের লাশ আছে।’

আরও পড়ুন: গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৫

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, ‌‘হাসপাতালে এক শিশুসহ চারজনকে নিয়ে আসা হয়। এখানে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ এখন হাসপাতালে আছে।’

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আটজন নিহত এবং একজনকে আহত অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে আহত ব্যক্তিও মারা যান।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়