ঈদের ছুটি বাতিল করে নতুন যে নির্দেশনা দিল এনবিআর
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে কাস্টমস হাউসগুলোর ঘোষিত ছুটি আংশিক বাতিল করে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে কাস্টমস হাউসগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর জানিয়েছে, এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাইড শেয়ারিং বাইকে দিনে তেল পাবে ৫ লিটার
এছাড়া ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছেও একই নির্দেশনা পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








