১৮ মার্চ সরকারি ছুটি, বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান
ফাইল ছবি
সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা করায় ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ বিষয়ে মঙ্গলবার (১০ মার্চ) নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম)।
নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩–এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।
চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে চলবে এবং সরকার ঈদুল ফিতরের সাধারণ ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে ও পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে আরও চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে শবে কদরের সরকারি ছুটি রয়েছে ১৭ মার্চ। নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
এ ছাড়া কেউ যদি বিশেষ সুবিধা নিয়ে ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চও ছুটি নেন, তবে স্বাধীনতা দিবসের সরকারি ছুটি (২৬ মার্চ) এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১২ দিনের বিশ্রাম পাওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: চলতি মাসেই দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সময় আর্থিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তাই গ্রাহকদের আগেভাগে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








