‘দেশে ভোজ্যতেলের মজুদ পর্যাপ্ত, নেই দাম বাড়ার সম্ভাবনা’
ছবি: সংগৃহীত
দেশে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং মজুতও পর্যাপ্ত রয়েছে বলে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (০৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, দেশে ভোজ্যতেল কিংবা জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই। আমদানিকারক ও উৎপাদকরা মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন যে, বর্তমানে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারে সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক।
তিনি স্পষ্ট করে বলেন, ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না, এমনকি এক ফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই; এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।
আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
বাজারে তেলের দাম নিয়ে ছড়ানো বিভ্রান্তির বিষয়ে মন্ত্রী বলেন, কিছু এলাকায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কিনছেন (প্যানিক বায়িং)। এই অতিরিক্ত কেনার প্রবণতার কারণেই কোনো কোনো এলাকায় সাময়িকভাবে তেলের ঘাটতি দেখা দিয়েছে এবং দাম কিছুটা বেড়েছে।
মন্ত্রী ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকুন। বাজারে সরবরাহে কোনো সমস্যা নেই।
বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, সারাদেশে বাজার তদারকি ও অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াতে না পারে।
পরিশেষে, মন্ত্রী সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানান যে, সরকারের নজরদারি এবং পর্যাপ্ত মজুত থাকায় তেলের বাজার দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








