জ্বালানি সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ইরান-ইসরায়েল সংঘাতসহ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এশিয়ার পরাশক্তি চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় বেইজিংয়ের সঙ্গে ঢাকার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক পর্যায়ে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (০৯ মার্চ) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
চীনা রাষ্ট্রদূত বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ ঠিক কী ধরনের জ্বালানি সহায়তা চায়, সে বিষয়ে বেইজিং জানতে চেয়েছে।
তিনি জানান, বৈঠকে জ্বালানি সহযোগিতার পাশাপাশি নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। অর্থ ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও ইতিবাচক মতবিনিময় হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ
তিস্তা প্রকল্প নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। তার ভাষ্য অনুযায়ী, তিস্তা প্রকল্প নতুন সরকার ও চীনের অগ্রাধিকারভুক্ত প্রকল্পগুলোর একটি এবং দ্রুত এ প্রকল্পে কাজ শুরু হওয়ার আশা রয়েছে। পাশাপাশি নতুন ঋণ সুবিধা ও বিনিয়োগ নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন সপ্তাহের মধ্যেই চীনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ ইতোমধ্যে বাড়ছে এবং ভবিষ্যতেও এ বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








