৭ দিনে যৌন নিপীড়নের শিকার ২৮ শিশু: বিপন্ন শৈশব
ছবি: নিউজবাংলাদেশ (এআই)
গত ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত মাত্র সাত দিনের ব্যবধানে দেশে শিশুদের ওপর যৌন সহিংসতার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে, যা জনমনে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘটে যাওয়া এসব ঘটনায় ধর্ষণ, ধর্ষণচেষ্টা এবং বলাৎকারের অভিযোগ একযোগে সামনে আসায় শিশু নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং স্থানীয়ভাবে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এই সাত দিনে অন্তত ১৮টি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়। এছাড়া অন্তত ৮টি ধর্ষণচেষ্টার ঘটনা এবং ২টি বলাৎকারের অভিযোগ নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে প্রকাশ্য ঘটনায় মোট ২৮টির মতো শিশু যৌন নির্যাতনের শিকার বা তার শিকার হওয়ার ঝুঁকিতে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো উল্লেখ করেছে। তবে অপ্রকাশিত বা আইনগতভাবে সামনে না আসা ঘটনা এর বাইরে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিশেষ করে রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে, যা এই সময়পর্বের সবচেয়ে আলোচিত ও নৃশংস ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার পরপরই শিশু নির্যাতন নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া, মানববন্ধন এবং সর্বোচ্চ শাস্তির দাবি জোরদার হয়।
সমাজবিজ্ঞানীরা বলছেন, করোনাকালীন স্থবিরতা, নৈতিক অবক্ষয় এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই শিশুদের ওপর এমন পাশবিকতা আশঙ্কাজনক হারে বাড়ছে। লোকলজ্জা ও সামাজিক চাপের কারণে অনেক ঘটনাই আড়ালে থেকে যাচ্ছে, যা এই পরিসংখ্যানের বাইরে। বিগত সাত দিনে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এই পৈশাচিক ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো:
পল্লবীর রামিসা হত্যাকাণ্ড ও ভাষানটেকে ৮ বছরের শিশু ধর্ষণ
গত ১৯ মে পল্লবীর কালশীতে রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়, যা বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ভাষানটেকে ১৯ মে সন্ধ্যায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় শনিবার (২৩ মে) রাতে মামলা দায়েরের পর মো. হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
কলাবাগানে বৃদ্ধের লালসা ও ডেমরার ঘটনা
২১ মে কলাবাগানে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ঘরে ডেকে নেয় ৬৩ বছর বয়সী বৃদ্ধ আশরাফুল হুদা রুবেল। সেখানে এক শিশুকে ধর্ষণ করলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং ধর্ষককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে, ১৮ মে ডেমরায় লিচু খাওয়ানোর কথা বলে ৬ বছরের এক শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করে ১৭ বছরের এক কিশোর। আদালত ওই কিশোরকে সংশোধনালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রামপুরায় মাদ্রাসায় অস্বাভাবিক যৌনাচার ও লাশ উদ্ধার
২১ মে রামপুরা থানা এলাকার একটি মাদ্রাসা থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় মো. শিহাব হোসেন (১৯) নামের এক সহপাঠী শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদনে স্পষ্ট আলামত মিলেছে যে, শিশুটি মৃত্যুর আগে চরম অস্বাভাবিক যৌনাচার বা বলাৎকারের শিকার হয়েছিল।
সাভার ও দক্ষিণ কেরানীগঞ্জে পাশবিকতা
ঢাকার সাভারে ২০ ও ২১ মে পৃথক দুটি স্থানে দুই শিশু ধর্ষণের শিকার হয়। ২০ মে বনগ্রামের একটি মুদি দোকানে এবং ২১ মে পাঁচগাছিয়া মহল্লার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে। এছাড়া ২৩ মে দক্ষিণ কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহপরান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
চট্টগ্রামে ধারাবাহিক চার ঘটনা ও মাদ্রাসা শিক্ষকের কুকীর্তি
চট্টগ্রামের বাকলিয়ায় ২১ মে বিকেলে চেয়ারম্যান ঘাটা এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ডবলমুরিং থানা এলাকায় ২২ মে ৭ ও ১১ বছরের দুই শিশুকে একটি খালি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় মো. এহসান (৫৫) নামের এক নিরাপত্তা প্রহরী। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। একই দিন বায়েজিদ বোস্তামী এলাকায় ৫ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী হাসান। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) চিকিৎসাধীন।
সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে খুলশীর আমবাগান এলাকার একটি মাদ্রাসায়, যেখানে ২২ মে রাতে ১০ ও ৬ বছরের দুই আপন বোনকে ধর্ষণের চেষ্টা চালায় মাদ্রাসা শিক্ষক আবদুল বাতেন। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ মিছিল করে। একই রাতে চান্দগাঁও এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে ৫৫ বছর বয়সী এক মুদি দোকানি।
আরও পড়ুন: প্রকাশ্যে হত্যাকাণ্ডে কাঁপছে রাজধানী, সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা
নারায়ণগঞ্জে গণপিটুনির শিকার ধর্ষকরা
২২ মে নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় হিরো ও সোহেল নামের দুই যুবক। এলাকাবাসী হিরোকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এর একদিন পর, ২৩ মে ফতুল্লাতেই মাত্র ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার (৪৮) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ জনতা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৌদি প্রবাসীর মেয়ের ওপর নির্যাতন
২৩ মে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দা গ্রামে এক সৌদি প্রবাসীর মেয়ে ও মাদ্রাসার মক্তব বিভাগের ৯ বছরের ছাত্রীকে চিপস দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী সহিদুল মিয়া। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয় এবং ধর্ষণের পর তাকে নদীতে ধুয়ে বাড়িতে রেখে আসা হয়। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষক সহিদ বর্তমানে পলাতক।
শেরপুর ও নাটোরের লোমহর্ষক ঘটনা
১৮ মে শেরপুর শহরের ঢাকলহাটীতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে কৌশলে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে কাওসার (২১) নামের এক যুবক। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে ২২ মে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ মে নাটোরের সিংড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করে ১৩ বছরের এক কিশোর। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাবনা ও ফরিদপুরে প্রলোভন ও অস্ত্রের মুখে জিম্মি
১৯ মে পাবনার চাটমোহরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে আব্দুল জলিল (৬০) নামের এক বৃদ্ধ। ২৩ মে পাবনার ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার শ্বশুর রাহাত প্রামাণিককে (৬০) গ্রেফতার করে পুলিশ। ২৩ মে ফরিদপুরের সালথায় ৯ বছরের এক শিশু কন্যা আম কুড়াতে গেলে খায়ের দাঈ (৩৫) নামের এক মুদি দোকানি রামদা দিয়ে তার মুখ চেপে ধরে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিলে অভিযুক্ত পালিয়ে যায়।
জয়পুরহাট, যশোর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জের চিত্র
১৮ মে জয়পুরহাটে নিজের ১২ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে লিটন হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ২০ মে যশোরের শার্শায় এক শিশুকে নির্যাতনের অভিযোগে আলম গাজী (৫৬) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশ। ২১ মে মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬ বছরের এক শিশুকে একাধিকবার বলাৎকারের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়। এছাড়া ১৫ মে মানিকগঞ্জের দৌলতপুরে ৬ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই শিশুকে আটক করে পুলিশ।
সমাজবিজ্ঞানী ও মানবাধিকার কর্মীদের উদ্বেগ
এক সপ্তাহে এত বিপুল সংখ্যক শিশু ধর্ষণের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন দেশের মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। তারা বলছেন, এই অপরাধগুলোর দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ে রায় কার্যকর করা না হলে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পায়। শিশুদের সুরক্ষায় পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








