অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় ৫ ইরানি খেলোয়াড়ের
ছবি: সংগৃহীত
নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্য। আশ্রয়প্রার্থীদের মধ্যে দলের অধিনায়কও রয়েছেন।
জানা গেছে, গভীর রাতে হোটেল থেকে বের হয়ে তারা অস্ট্রেলীয় কর্তৃপক্ষের কাছে আশ্রয়ের আবেদন করেন।
এর আগে এশিয়ান কাপ ফুটবলের একটি ম্যাচ শুরুর সময় ওই পাঁচ খেলোয়াড় ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে দেশে ফিরলে নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
পাঁচ ফুটবলারকে আশ্রয় দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, কয়েকদিন ধরেই এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই সাহসী নারীদের পদক্ষেপ অস্ট্রেলিয়ার মানুষকে নাড়া দিয়েছে এবং তারা এখানে নিরাপদ।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সাংবাদিকদের জানান, কয়েকদিন ধরে গোপনে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চলছিল। হোটেল ছাড়ার পর তাদের একটি নিরাপদ স্থানে নেওয়া হয়।
প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, খেলোয়াড়রা একটি টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বিশেষ ভিসার কাগজে স্বাক্ষর করছেন। তিনি বলেন, ইরান দলের অন্য খেলোয়াড়রাও চাইলে অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন।
আরও পড়ুন: ব্রাজিলের ফুটবলে বিরল ঘটনা, ২৩ খেলোয়াড় পেল লাল কার্ড
তবে ইরানের বাকি খেলোয়াড়রা দেশে ফিরবেন কি না বা কবে অস্ট্রেলিয়া ছাড়বেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








