শিক্ষকদের ঈদ ভাতার প্রস্তুতি শুরু করছে মাউশি
ফাইল ছবি
বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা প্রদানের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এই ভাতার আনুষ্ঠানিক প্রস্তাবনা এখনো চূড়ান্ত হয়নি, তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাবটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর একটি সূত্র জানায়, শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব একই দিন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
বেতন সংক্রান্ত প্রস্তাব পাঠানোর পর আগামী সপ্তাহে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল ঈদ উৎসব ভাতার প্রস্তাব প্রস্তুত করবে। প্রস্তুতকৃত প্রস্তাবটি পরে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব বৃহস্পতিবার পাঠানো হবে। তবে ঈদ উৎসব ভাতার প্রস্তাবের অগ্রগতি সম্পর্কে এখনো বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।
অন্যদিকে, ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই উৎসব ভাতা পাবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বেতন প্রস্তাবের কার্যক্রম শেষ হওয়ার পর দ্রুতই ঈদ উৎসব ভাতার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং যথাসময়ে তা অনুমোদন পেয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের হাতে পৌঁছাবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








