অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত
ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
বুধবার (১৭ জুন) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
রান তাড়ায় নেমে শুরুতেই দুই উইকেট হারালেও কুপার কনোলি ও টিম ডেভিডের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। কনোলি ৪৭ রান করে আউট হন। টিম ডেভিড করেন ২০ রান। শেষ দিকে কিছুটা চাপ তৈরি করলেও বাংলাদেশের বোলাররা স্বল্প পুঁজি রক্ষা করতে পারেননি।
বাংলাদেশের হয়ে অভিষিক্ত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ২টি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ১০ রান করে ফিরে যান। সাইফ হাসান ২০, তাওহীদ হৃদয় ৮, সৌম্য সরকার ১৭ এবং পারভেজ হোসেন ইমন ১০ রান করেন।
মধ্য ও নিম্নক্রমের ব্যাটারদের ব্যর্থতায় ৮৬ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে শেখ মেহেদীর লড়াকু ব্যাটিংয়ে কোনোভাবে ১৩০ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।
আরও পড়ুন: দ্বিশততম ম্যাচে মেসির পায়ে হ্যাটট্রিকের ইতিহাস
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস ৩টি করে উইকেট নেন। ম্যাট রেনশ শিকার করেন ২টি উইকেট।
এর আগে ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে এবার প্রথম ম্যাচেই হার দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








