News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫২, ৭ মার্চ ২০২৬

শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে ব্যবধান কমাল রিয়াল

শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে ব্যবধান কমাল রিয়াল

ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা লড়াইয়ে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে কিছুটা পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেল্টা ভিগোকে হারিয়ে সেই ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। যোগ করা সময়ে গোল করে দলকে জয়ের স্বাদ এনে দেন ফেদে ভালভের্দে।

শুক্রবার (৬ মার্চ) প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত লিগ ম্যাচে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। অরেলিয়েন চুয়ামেনি রিয়ালকে এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান বোর্হা ইগলেসিয়াস। ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভালভের্দের গোলেই নিশ্চিত হয় রিয়ালের জয়।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় সেল্টা ভিগো। ষষ্ঠ মিনিটে বোর্হা ইগলেসিয়াসের নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

দশম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট নিলেও বল পোস্টে লেগে ফিরে আসে।

তবে বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ১১তম মিনিটে কর্নার থেকে পাওয়া আক্রমণে আর্দা গুলারের পাস থেকে প্রথম স্পর্শেই জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন চুয়ামেনি।

২৫তম মিনিটে সমতায় ফেরে সেল্টা। নিজেদের অর্ধ থেকে আসা লম্বা পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডকে কাটিয়ে বল বাড়ান উইলিয়ট সুইডবার্গ। সেখান থেকে বাঁ পায়ের শটে গোল করে সমতা ফেরান ইগলেসিয়াস।

প্রথমার্ধের শেষ দিকে আরেকটি গোলের সম্ভাবনা তৈরি করেছিল সেল্টা। তবে সুইডবার্গের জোরালো শট ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করেন কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণে খুব বেশি ধার দেখাতে পারেনি রিয়াল। ৬৭তম মিনিটে ভিনিসিয়ুসের দূরপাল্লার শট সহজেই সামাল দেন গোলরক্ষক।

৭০তম মিনিটে কর্নার থেকে বল সেল্টার এক খেলোয়াড়ের হাতে লাগলে পেনাল্টির দাবি করে রিয়াল। তবে ভিডিও রিভিউ দেখে রেফারি উল্টো সেল্টাকে ফ্রি-কিক দেন, কারণ এর আগেই চুয়ামেনি প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন।

ম্যাচের শেষদিকে গোলের সুযোগ পেয়েছিল সেল্টা। বদলি নেমে ইয়াগো আসপাসের শট পোস্টে লেগে ফিরে আসে।

আরও পড়ুন: ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ভালভের্দে। বল প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে আর কিছুই করার ছিল না গোলরক্ষকের।

এই জয়ে ২৭ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে ২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সেল্টা ভিগো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়