News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৮, ২০ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৯, ২০ মার্চ ২০২৬

এশিয়ান কাপ শেষে দেশে ফেরা নারী দলকে বীরের সংবর্ধনা দিল ইরান

এশিয়ান কাপ শেষে দেশে ফেরা নারী দলকে বীরের সংবর্ধনা দিল ইরান

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ শেষে দেশে ফিরে তেহরানে বীরের সংবর্ধনা পেয়েছে ইরানের নারী ফুটবল দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজধানীর কেন্দ্রস্থল ভ্যালিয়াসর স্কয়ারে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে দলটিকে স্বাগত জানায়। এ সময় অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা।

সংবর্ধনা অনুষ্ঠানে বড় একটি বিলবোর্ডে লেখা ছিল, ‘আমার পছন্দ, আমার মাতৃভূমি’। সেখানে খেলোয়াড়দের জাতীয় জার্সি ও হিজাব পরিহিত অবস্থায় পতাকাকে সালাম জানাতে দেখা যায়।

এর আগে নারী এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গিয়ে ইরানের ছয়জন খেলোয়াড় ও একজন কর্মকর্তা আশ্রয়ের আবেদন করেছিলেন। জাতীয় সংগীত না গাওয়াকে কেন্দ্র করে দেশে সমালোচনার মুখে পড়ার পর তারা এ সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

তবে পরে পাঁচজন তাদের আবেদন প্রত্যাহার করে দলের সঙ্গে ইরানে ফিরে আসেন। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

সংবর্ধনা অনুষ্ঠানে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, এই খেলোয়াড়রা দেশ, পতাকা, নেতা এবং বিপ্লবের প্রতি অনুগত এটা নিশ্চিত।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানিও খেলোয়াড়দের স্বাগত জানিয়ে বলেন, ‘সব ইরানিরাই তোমাদের অপেক্ষায় ছিল। দেশে স্বাগতম।’ সূত্র: আল জাজিরা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়