প্রথমবারের মতো পিএসএলে ডাক পেলেন শরিফুল
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতোআসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) একাদশ আসরে বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে দলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ক্রীড়া মাধ্যম জিও সুপার এবং দলটির নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম।
সোমবার (১৬ মার্চ) পেশোয়ার জালমি সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুলকে স্বাগত জানিয়েছে। একটি অ্যানিমেটেড পোস্টারে তাকে দলীয় জার্সিতে তুলে ধরার পাশাপাশি লেখা হয়েছে, “তোমার আগমনে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ ঝড় তুলতে প্রস্তুত।”
শরিফুল ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে জাতীয় দলের নিয়মিত মুখ। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটেও তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য; ১৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ১৯৫টি উইকেট শিকার করেছেন, বোলিং গড় ২২.২৭ এবং ইকোনমি রেট ৮.২২।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শরিফুল একজন নির্ভরযোগ্য বোলার। ৬০ ইনিংসে ৮৭টি উইকেট শিকার করে তিনি শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
এবারের পিএসএল ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই আসরে প্রথমবার খেলতে যাচ্ছেন শরিফুল। একই দিনে পেশোয়ার জালমি উদীয়মান পেসার মুহাম্মদ বাসিতকেও দলে অন্তর্ভুক্ত করেছে।
পিএসএলে এবারের আসরে অংশ নেবে মোট আটটি দল এবং ম্যাচগুলো পাকিস্তানের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পেশোয়ার জালমি তাদের অভিযান শুরু করবে ২৮ মার্চ।
আরও পড়ূন: রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
পেশোয়ার জালমির স্কোয়াড (পিএসএল একাদশ আসর):
বাবর আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, আবদুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আবদুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ, শাহনওয়াজ দাহানি, ফারহান ইউসুফ, মুহাম্মদ বাসিত ও শরিফুল ইসলাম।
নিউজবাংলাদেশ.কম/এসবি








