২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
ফাইল ছবি
দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (০৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই সিরিজের ম্যাচগুলো দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকার টিকিটে গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন। ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে এবারও টিকিট সংগ্রহের একমাত্র মাধ্যম হিসেবে অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে বিসিবি।
বিসিবির নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে সাশ্রয়ী মূল্যে খেলা দেখা যাবে ইস্টার্ন গ্যালারিতে, যার টিকিট মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এছাড়া উত্তর দিকের গ্যালারি (নর্দান গ্যালারি) এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। যারা একটু উন্নত সুবিধাসম্পন্ন গ্যালারিতে বসে খেলা দেখতে চান, তাদের জন্য ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)–এর টিকিট মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।
অভিজাত গ্যালারিগুলোর মধ্যে আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথ (করপোরেট ব্লক)–এর টিকিটের দাম ১,০০০ টাকা। এছাড়া আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ১,২০০ টাকা। বরাবরের মতোই স্টেডিয়ামের সবচেয়ে ভিআইপি অংশ অর্থাৎ গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার) টিকিটের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ২,০০০ টাকা।
আরও পড়ুন: ২১ বাংলাদেশি বাদ, দ্য হান্ড্রেড নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ
আগ্রহী দর্শকরা বিসিবির নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। একই ঠিকানার মোবাইল অ্যাপ ব্যবহার করেও রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকিট কেনা যাবে। সূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ পাকিস্তান দল ঢাকায় পা রাখবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ। এরপর ১৩ এবং ১৫ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
আসন্ন এই সিরিজকে কেন্দ্র করে দুই দলেই বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। পাকিস্তান দল তাদের স্কোয়াডে বাবর আজমকে বাদ দিয়ে বড় চমক দেখিয়েছে, যেখানে সুযোগ পেয়েছেন সাহিবজাদা ফারহানের মতো ইনফর্ম ওপেনার ও ছয়জন নবাগত ক্রিকেটার। চোটের কারণে পাকিস্তান দলে নেই ফখর জামান। অন্যদিকে বাংলাদেশ দলেও এসেছে বড় পরিবর্তন; নুরুল হাসান সোহান ও জাকের আলীদের বাদ দিয়ে দীর্ঘ বিরতির পর ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে লড়বে বাংলাদেশ।
একনজরে দুই দলের স্কোয়াড:
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
পাকিস্তান: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শ্যামল হুসাইন।
নিউজবাংলাদেশ.কম/পলি








