ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট তিন কনফেডারেশন, ফিফা অচলের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। টানা চতুর্থবার ফিফা সভাপতির দায়িত্ব নেওয়ার পথে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের জেরে এবার তার পদত্যাগের দাবিতে একজোট হয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা), উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় ফুটবল কনফেডারেশন (কনকাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
মঙ্গলবার (৪ আগস্ট) ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনেবলা হয়েছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার কার্যক্রম অচল করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই তিন কনফেডারেশন। প্রয়োজনে তারা ফিফার আনুষ্ঠানিক কার্যক্রম বয়কট এবং নিজেদের উদ্যোগে বিকল্প আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের কথাও বিবেচনা করছে।
এর আগে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয় উয়েফা। পাশাপাশি আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতির নির্বাচনে তাকে আর সমর্থন দেবে না ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন।
কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ক্রমবর্ধমান চাপের মুখে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ইনফান্তিনো। সেখানে তিনি রাজনৈতিক বা কূটনৈতিক সহায়তা চেয়েছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দ্য টাইমস এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইনফান্তিনো ক্ষমতায় থাকলে তাকে সরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কনফেডারেশনগুলো দৃঢ় অবস্থানে রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে বিকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পথেও হাঁটতে পারে তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। বর্তমানে তার পক্ষে মাত্র ১৫টি সদস্য দেশের সমর্থন রয়েছে বলে দাবি করা হয়েছে। অথচ সপ্তাহখানেক আগেও আগামী মার্চের নির্বাচনে ২১১ সদস্য দেশের অধিকাংশের সমর্থন তার পক্ষেই থাকবে বলে ধারণা করা হচ্ছিল। নির্বাচনে জয়ী হতে প্রয়োজন ১০৬টি ভোট।
আরও পড়ুন: চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার বারকো
এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি। তবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সুযোগ থাকায় নতুন প্রার্থী আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য দেশ আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগ দাবি করলে জরুরি ফিফা কাউন্সিল সভা আহ্বানের সম্ভাবনাও তৈরি হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








