ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের অনেকেই পাবেন সম্মানী: মাহদী আমিন
ছবি: সংগৃহীত
আগামী ঈদুল ফিতরের আগেই দেশের কিছু কিছু জায়গায় খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সরকার সম্মানী দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, “আমাদের যে নির্বাচনি প্রতিশ্রুতি ছিল, সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনা হয়েছে। মূলত আজকের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছেন আমাদের একটি নির্বাচনি প্রতিশ্রুতি নিয়ে; যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুয়াজ্জিন সাহেবসহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন, সেই সব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে, মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান করা হবে।”
আরও পড়ুন: তরুণদের চিন্তা ও দক্ষতাকে গুরুত্ব দিতে হবে: নজরুল ইসলাম খান
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকের বৈঠকে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ইনশাল্লাহে ঈদের আগেই পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি, সেটি শেষ করে কিছু কিছু জায়গায় সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের একটি সম্মানী প্রদান করা করব, ইনশাল্লাহ।”
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহদী আমিন বলেন, “ঈদের আগে বেশ কিছু জায়গায় এই কার্যক্রম শুরু হবে।”
প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, “এর পাশাপাশি বিএনপির একটি বড়ো নির্বাচনি প্রতিশ্রুতি ছিল যে, সারা বাংলাদেশে মেধার ভিত্তিতে বৈষ্যমবিহীনভাবে যেন আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি…সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কীভাবে আমরা আরও দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কীভাবে আনব এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম দ্রুততার সাথে তাদের জন্য চাকরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারব; তার জন্য যে ডিরেজুলেশন প্রয়োজন, তার জন্য যে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানার নীতিমালা প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য।’’
তিনি বলেন, “টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দেব আমরা। বিদেশে যেসব দূতাবাস রয়েছে এবং বাংলাদেশে যেসব দূতাবাস রয়েছে, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কীভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ ও যোগ্য করে বিদেশে পাঠাতে পারব— এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “সংশ্লিষ্ট যেসব মন্ত্রীবর্গ রয়েছেন, সচিববর্গ রয়েছেন উনারা উনাদের মূল্যবান মতামত দিয়েছেন এবং ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের ভেতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এ রাষ্ট্র ব্যবস্থা, জনগণের সরকার আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করা শুরু করব, ইনশাল্লাহ।”
এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধান তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি








