রমজানে কর্মঘণ্টা কমালো আরব আমিরাত
প্রতীকী ছবি
পবিত্র রমজান মাস উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (মোহরে) এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।
মোহরের নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা দৈনিক দুই ঘণ্টা কমানো হবে। সাধারণত আমিরাতে কর্মীরা প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেন; রমজানে তা কমিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবেন।
এ ছাড়া প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে নমনীয় (ফ্লেক্সিবল) বা দূরবর্তী (রিমোট) কর্মপদ্ধতি চালু করতে পারবে।
সরকারি খাতেও কর্মঘণ্টা কমানো হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে যেসব পদে কাজের ধরন ভিন্ন, সেসব ক্ষেত্রে এই সময়সূচি প্রযোজ্য নাও হতে পারে।
কর্মঘণ্টা কমে যাওয়ায় বাসিন্দারা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও আত্মচিন্তায় সময় দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: এবারও সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না: ধর্ম উপদেষ্টা
মানবসম্পদ বিশেষজ্ঞদের মতে, রমজান কর্মীদের সময় ব্যবস্থাপনায় আরও সচেতন করে তোলে। শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও কম কর্মঘণ্টা কর্মীদের আরও মনোযোগী, দক্ষ ও লক্ষ্যনির্ভরভাবে কাজ করতে সহায়তা করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








