শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদুল ফিতর
ফাইল ছবি
বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দীর্ঘ ৩০ দিন সিয়াম-সাধনার পর আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারের আকাশে প্রথম শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকেও এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৯ রমজানে দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল। ফলে নিয়ম অনুযায়ী আজ আর কমিটির প্রথাগত বৈঠকের প্রয়োজন না থাকলেও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঈদের ঘোষণা চূড়ান্ত করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে তারা দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল জাতীয় ঈদগাহ ময়দানে সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।
আরও পড়ুন: শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করবেন এবং বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি রাখা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়ে ঢাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে গত ১৮ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে গত বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হয় এবং শুক্রবার (২০ মার্চ) সেসব দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনের লক্ষ্যে রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা এখন এক মাস ত্যাগের পর আনন্দ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








