শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর
ফাইল ছবি
বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ইফতারের পর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত এই সভায় দেশের ৬৪ জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।
ধর্মমন্ত্রী ব্রিফিংয়ে জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই প্রেক্ষিতে শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হওয়ার পাশাপাশি ঈদুল ফিতর উদযাপিত হবে।
আরও পড়ুন: চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
উল্লেখ্য, গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার সেখানে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সেই হিসেবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ধর্মমন্ত্রী মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিনে মুসলিম উম্মাহ এই প্রধান ধর্মীয় উৎসবে মেতে উঠবে।
সারাদেশে ইতোমধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলো। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পর থেকেই দেশজুড়ে উৎসবের আমেজ আরও বেগবান হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








