নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৭, ৬ আগস্ট ২০২৬

‘সংকট সমাধানে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে সরকার’

‘সংকট সমাধানে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে সরকার’

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান গ্যাস সংকট, হাম ও ডেঙ্গুর মতো স্বাস্থ্যগত সমস্যাসহ সার্বিক সংকট উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের দেওয়া অঙ্গীকার অনুযায়ী জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। তবে সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে এবং দেশকে অস্থিতিশীল করতে একটি রাজনৈতিক পক্ষ ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয়তাবাদী বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের জ্বালানি সংকট, সংক্রামক রোগ পরিস্থিতি, জনজীবনের দুর্ভোগ এবং অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। কিন্তু একটি মহল সরকারের এসব উদ্যোগকে ব্যর্থ প্রমাণ করতে নানা অপপ্রচার, বিভ্রান্তি ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ষড়যন্ত্র নতুন নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরও তাঁকে নানাভাবে ব্যর্থ করার চেষ্টা হয়েছিল। দেশকে আত্মনির্ভরশীল করার উদ্যোগ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্রান্তের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। বর্তমান সময়েও একই ধরনের ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগণের জাগরণ: রিজভী

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারবিরোধী অপতৎপরতার পাশাপাশি দেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণাও চালানো হচ্ছে। তাঁর ভাষ্য, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে গেলেও একটি রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়েও কড়া সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের স্মৃতির প্রতি অসম্মান দেখানো হয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় বিভিন্ন মামলার আসামি এবং দেশ ছেড়ে পালিয়ে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডসহ হত্যা ও দুর্নীতির একাধিক মামলার বিচার চলমান রয়েছে বলে উল্লেখ করেন রিজভী। এই অবস্থায় তাঁকে বিদেশের মাটিতে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে বাংলাদেশের জনগণের অনুভূতির প্রতি অবজ্ঞা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই প্রেক্ষাপটে এমন একজন পলাতক আসামিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া শহীদদের আত্মত্যাগকে খাটো করার শামিল বলে বিএনপি মনে করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই দায়িত্ব পালন করছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনজীবনের অন্যান্য সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে। সরকারকে অকার্যকর প্রমাণের উদ্দেশ্যে যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র জনগণ শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়