স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৪, ৫ আগস্ট ২০২৬

শহীদদের আত্মত্যাগে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ফখরুলের

শহীদদের আত্মত্যাগে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ফখরুলের

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ আগস্ট)  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষেদেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দেশের মানুষ আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। এ সময় গুম, হত্যা ও নির্যাতনের মতো নানা ঘটনার মধ্যেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত ছিল।

মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাইয়ে গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে হাজারো মানুষ রাজপথে নেমে আসে। আন্দোলন দমনে বহু প্রাণহানির ঘটনা ঘটে। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে জাতিসংঘের তদন্ত এবং দেশের ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ায় তৎকালীন সরকারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত এসেছে।

বর্তমান সরকারের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মধ্যেও সরকার দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে।

বিবৃতিতে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ, জনগণের স্বপ্ন এবং তরুণদের মেধাকে ভিত্তি করে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে আইনের শাসন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মর্যাদা নিশ্চিত হবে।

আরও পড়ুন: জুলাই স্মরণে আজ বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

শেষে তিনি বলেন, আমি বিশ্বাস করি, এ দেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। ৫ আগস্টের চেতনা আমাদের সেই শক্তি ও অঙ্গীকারের প্রতীক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়