ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, থাকছেন সাকিব আল হাসান
ছবি: ইন্ডিয়া টুডে
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে 'ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া' (এফসিসি সাউথ এশিয়া)-এর আয়োজনে একটি ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত হচ্ছেন শেখ হাসিনা।
রবিবার (২ আগস্ট) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে যে, ওই ভার্চুয়াল মঞ্চে শেখ হাসিনার সঙ্গে একই প্ল্যাটফর্মে বা ভার্চুয়াল সেমিনারে ক্রিকেটার সাকিব আল হাসানও থাকবেন।
ভারতের মাটিতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এ ধরনের রাজনৈতিক বা ভার্চুয়াল কর্মকাণ্ড এবং এতে অন্য কারও অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে ভারত সরকারের স্পষ্ট অবস্থানও জানতে চেয়েছে বাংলাদেশ সরকার।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে আরও থাকছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।
আরও পড়ুন: ৫ আগস্ট নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।
এদিকে, সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে কেবল অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়ায়েল আউয়াদ।
নিউজবাংলাদেশ.কম/এনডি








