চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
দুই দিনের ফলপ্রসূ মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি দালিয়ানে পৌঁছান।
এর আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনাল থেকে স্থানীয় সময় বিকেল ৫টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ান শহরের উদ্দেশে রওয়ানা হন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার চীন সফরের দ্বিতীয় ধাপ শুরু করলেন।
আরও পড়ুন: মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
দালিয়ানে দুই দিন অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তার মূল লক্ষ্য হলো বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো জোরদার করা। দালিয়ানে অবস্থানকালে তিনি বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন, যেখানে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দালিয়ানে নির্ধারিত দুই দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেইজিংয়েই প্রধানমন্ত্রীর এই চীন সফরের মূল আনুষ্ঠানিক কার্যক্রম ও রাষ্ট্রীয় কর্মসূচিগুলো সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








