স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০২, ২০ জুন ২০২৬
আপডেট: ১৪:০৩, ২০ জুন ২০২৬

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। তিনি আগামীকাল রবিবার (২১ জুন) কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর ২২ জুন মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীন সফরে যাবেন তিনি।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রসচিব বলেন, সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন।

মালয়েশিয়া সফরকালে ২২ জুন প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সেখানে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রসচিব আরও বলেন, মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।

আরও পড়ুন: মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সফরকালে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাণিজ্যিক আলোচনা শুরুর লক্ষ্যে টার্মস অব রেফারেন্স বিনিময়সহ আরও কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান পররাষ্ট্রসচিব।

সর্বশেষ

পাঠকপ্রিয়