News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৫:০১, ১৭ মার্চ ২০২৬

ঈদযাত্রায় অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

ঈদযাত্রায় অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত

ঈদযাত্রা সামনে রেখে কঠোর বার্তা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, দেশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এবারের ঈদযাত্রা সুষ্ঠু, নিরাপদ ও হয়রানিমুক্ত হয়। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর প্রধান প্রবেশ ও বাহিরের পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি জানান, প্রতিবছর ঈদে ঘরমুখো মানুষকে দীর্ঘ যানজট ও ভোগান্তির মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে যাত্রীরা আগের দিন রওনা দিয়েও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় এবার ঈদযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং যানজট নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকেও সমন্বয় সভা করা হয়েছে।

তিনি আরও বলেন, সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পাশাপাশি রাজধানীর বড় বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সম্পৃক্ত করে যানজট নিরসনে কাজ চলছে।

চালক-হেলপারদের অসচেতনতার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করে আইজিপি বলেন, অনেকেই ট্রাফিক আইন মানেন না—রাস্তার মাঝখানে গাড়ি রেখে চলে যান, যা বড় ধরনের যানজট সৃষ্টি করে। সামান্য সচেতনতা বাড়ালেই এই সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।

বাস টার্মিনাল এলাকায় বাড়তি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এটি নেতিবাচকভাবে দেখার কিছু নেই। টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী ও ছিনতাইকারীদের তৎপরতা ঠেকাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারাদেশে পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।

রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে আইজিপি বলেন, ঢাকার ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার থাকার সুযোগ নেই—এগুলো আইনের মাধ্যমে অপসারণ করা হবে।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় চাপ, যানবাহন থেমে থেমে চলছে

টিকিটের অতিরিক্ত ভাড়া নিয়েও তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। বলেন, আইন না জানা কোনো অজুহাত হতে পারে না। নাগরিক হিসেবে প্রচলিত আইন জানা সবার দায়িত্ব। অভিযোগ না করলে প্রতিকারও পাওয়া কঠিন তাই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়