News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১০, ১৭ মার্চ ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় চাপ, যানবাহন থেমে থেমে চলছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় চাপ, যানবাহন থেমে থেমে চলছে

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। অধিকাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের চাপ দ্বিগুণ হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চন্দ্রা এলাকায় দেখা গেছে, অনেক যাত্রী গণপরিবহন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ির পথে যাচ্ছেন। কেউ কেউ বাসের ছাদে চেপেই রওনা হয়েছেন। যানজট সৃষ্টি না হলেও ধীরগতির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরকারের নির্দেশনায় দুই ধাপে শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে অধিকাংশ শ্রমিক প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই বাড়ি যাচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা জুড়ে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের দীর্ঘ লাইন দেখা গেছে। গণপরিবহন থেমে থেমে চলছে।

যাত্রীদের অভিযোগ, ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অনেকেই মোটরসাইকেল, ট্রাক ও পিকআপে প্রিয়জনের সঙ্গে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন। একজন শিক্ষার্থী জানান, সাধারণ ভাড়ার তুলনায় এবার দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের চোখের সামনেও অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড়

মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা জানান, ভাড়া বেশি নেওয়ার নির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। হাইওয়ে পুলিশের ওসি সওগাতুল আলম জানিয়েছেন, চন্দ্রা এলাকা জুড়ে ৬ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়