News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৯, ১৬ মার্চ ২০২৬

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আবদুর রহমান সানী

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আবদুর রহমান সানী

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ সংসদীয় আসনের ভোটার ও সাধারণ জনগণের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক কাজ সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে বিশেষ প্রতিনিধি নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) আবদুর রহমান সানীকে এই আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর পক্ষে তার সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে এবং স্থানীয় সমস্যা নিরসনে সমন্বয়কের ভূমিকা পালনের জন্য আবদুর রহমান সানীকে এই দায়িত্ব দেওয়া হলো। এই নিয়োগের একটি অনুলিপি এরই মধ্যে ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‘প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চায় বিএনপি’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। উক্ত নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন এবং এই আসনের সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর নিজস্ব নির্বাচনী এলাকা হওয়ায় ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও প্রশাসনিক কাজে গতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবকে এই দায়িত্ব দেওয়ায় এলাকার উন্নয়ন প্রকল্প তদারকি এবং জনগণের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হবে। আজ বিকেলে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই নিয়োগ সংক্রান্ত চিঠিটি প্রকাশ করে বিষয়টি সর্বসাধারণকে জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়