‘প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চায় বিএনপি’
ছবি: সংগৃহীত
সরকার গঠনের এক মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থায়ী বন্যা সমস্যা মোকাবিলায় দেশব্যাপী একযোগে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খালের মাটি কাটার মধ্য দিয়ে এই বিশাল কর্মযজ্ঞের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী স্থানীয় এক জনসভায় ভাষণ দেন, যেখানে তিনি দেশের কৃষি ও প্রান্তিক মানুষের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।
জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে।
তিনি জানান, দেশের চাষাবাদ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা মোকাবিলায় সরকার পর্যায়ক্রমে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। এই প্রকল্পের মাধ্যমে সেচ সুবিধা নিশ্চিত করে ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কৃষকদের জন্য সরকারি সহায়তা সহজ করতে আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ চালু করার কথাও জানান প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা বিভিন্ন সরকারি সুবিধা পাবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া দেশের সকল দরিদ্র নারীর অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে পর্যায়ক্রমে তাদের 'ফ্যামিলি কার্ড'-এর আওতায় আনা হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিএনপির রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে বলেন, সরকার কেবল ক্ষমতা পরিচালনার জন্য নয়, বরং প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চায়। তিনি এমন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন যেখানে দারিদ্র্য দূর হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
কাহারোলের এই কর্মসূচি উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








