News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩২, ১৬ মার্চ ২০২৬

বাড়তি ভাড়া ও বেপরোয়া গতিতে বিআরটিএর কঠোর নির্দেশনা

বাড়তি ভাড়া ও বেপরোয়া গতিতে বিআরটিএর কঠোর নির্দেশনা

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রী সাধারণের নিরাপদ সফর নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোনোভাবেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। টিকিট কাউন্টার হোক বা ই-টিকিটিং মাধ্যম অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পাশাপাশি মহাসড়কে ইজিবাইক, থ্রি-হুইলার এবং অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যান্ত্রিক ত্রুটিযুক্ত বা ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে নামলে তা তাৎক্ষণিক জব্দ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো যানবাহনেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। বিশেষ করে পণ্যবাহী ট্রাকে যাত্রী ওঠানোর প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: জ্বালানি তেলের মজুত যাচাইসহ ডিসিদের ৯ নির্দেশনা

চালকদের উদ্দেশে বলা হয়েছে, মহাসড়কের গতিসীমা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে রাস্তার বাঁক, সরু সেতু কিংবা ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় কোনোভাবেই ঝুঁকি নেওয়া যাবে না।

সড়ক দুর্ঘটনা রোধে চালকদের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর বিশেষ জোর দিয়েছে বিআরটিএ। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নেশাজাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব নিয়ে বা অসুস্থ অবস্থায় কোনোভাবেই গাড়ি চালানো যাবে না। এছাড়া মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে ‘নো হেলমেট নো ফুয়েল’ নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে; এই নিয়ম অমান্য করলে চালক ও পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের সময় যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে এবং যেকোনো অভিযোগ বা সহায়তার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যাতায়াতকারী যে কেউ যেকোনো প্রয়োজনে হটলাইন নম্বর ১৬১০৭ অথবা মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করতে পারবেন।

বিআরটিএ আশা করছে, সকল পক্ষ এই নির্দেশনা মেনে চললে ঈদুল ফিতরে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও জনবান্ধব হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়